
৪০ বছর পেরিয়েও গোলের নেশা একটুও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বরং ক্যারিয়ারের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও ক্ষুরধার হয়ে উঠছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল খলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে দলকে জিতিয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে আল নাসর পেয়েছে ৫-৩ গোলের জয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে রোনালদো ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক। এ নিয়ে তাঁর মোট ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৫ গোল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ৩৮ মিনিটে সাদিও মানে ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে ও দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল করে সমতায় ফেরে আল খলুদ। ফলে ২-২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে রোনালদোর গোল উৎসব শুরু হয়। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেডে গোল করে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পর ফেলিক্সের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। এরপর ৮১ মিনিটে সাদিও মানের পাস থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে আল খলুদের হয়ে একটি গোল শোধ করেন দোমিঙ্গেস। তবে তাতে আল নাসরের জয় আটকায়নি। ৫-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর দল।
রোনালদোর হ্যাটট্রিকের ম্যাচে আলো ছড়িয়েছেন স্বদেশি জোয়াও ফেলিক্সও। আল নাসরের পাঁচ গোলের চারটিতেই সরাসরি অবদান ছিল তাঁর। রোনালদোর প্রথম দুই গোলের পাশাপাশি অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও সাদিও মানের গোলেও সহায়তা করেন তিনি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। তিনি লেখেন, ‘দারুণ জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে খুশি!’
এই হ্যাটট্রিকের পর ক্লাব ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। দুই পর্যায় মিলিয়ে তাঁর মোট গোল ৯৮৫।
এ জয়ের পর সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার লড়াইয়ে রয়েছে আল নাসর। ১১ ম্যাচে ৯ জয়, এক ড্র ও এক হারে দলটির পয়েন্ট ২৮। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে আল কাদসিয়া। আল নাসরের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে আল খলুদ।