
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হামলার দাবি এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১৫ ডলার ছাড়িয়ে যায়। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছায়।
এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে যাচ্ছে। অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সৌদি আরবের একাধিক জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, দেশটির রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং সৌদি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলার খবরের পর জ্বালানি সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ আরও বেড়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিকে ঘিরে এ উত্তেজনা আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।