
বাংলাদেশ খেলাফত আন্দোলন কোনো রাজনৈতিক জোটের অংশ নয় বলে পুনর্ব্যক্ত করেছেন দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। একই সঙ্গে ১১ দলীয় জোটের সঙ্গে দলটির নাম যুক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) বাদ জোহর অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ‘খেলাফত আন্দোলন কোনো জোটে নেই। বিগত নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবেই নির্বাচনে অংশ নিয়েছে।’
তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই শহীদ ও শাপলা চত্বরে শহীদ পরিবারের পুনর্বাসন, গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে খেলাফত আন্দোলন যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিল। তবে নির্বাচনি সমঝোতা না হওয়ায় দলটি কোনো জোটে যোগ দেয়নি।
এ সময় তিনি ১১ দলীয় জোটের কার্যক্রমে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করার আহ্বান জানান। তাঁর দাবি, দলটি বর্তমানে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত নয় এবং স্বাধীনভাবেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।