বিজেপিতে যোগ দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও কটাক্ষের মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল তথা রুক্মিণী মল্লিক। সোমবার (৫ অক্টোবর) সকালে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর দলটির রাজ্য শাখার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়। এরপরই অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান ও দলবদল নিয়ে নানা মন্তব্য আসতে থাকে।
এদিন হালকা পিচ রঙের শাড়ি, হালকা মেকআপ, খোলা চুল ও কপালে ছোট টিপ পরে বিজেপি দপ্তরে যান কোয়েল। সেখানে তাকে উত্তরীয় পরিয়ে হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। পরে সেই ছবি বিজেপির রাজ্য শাখার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশ করা হলে মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা-সমালোচনা।
একজন মন্তব্য করেন, এত মানুষ থাকতে দলের যোগ্য ও ত্যাগী কর্মীদের মধ্য থেকে কাউকে প্রার্থী করা যেত কি না। আরেকজন লেখেন, ‘রাতারাতি জোড়া ফুল হয়ে গেল পদ্ম ফুল আর সাধারণ মানুষ হয়ে গেল এপ্রিল ফুল!’
কেউ আবার কোয়েলের আগের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গ টেনে লেখেন, ‘তৃণমূলে তো কিছু করতে পারলো না; তাই এবার বিজেপিতে এলো কিছু করার জন্য যদি কিছু করা যায়।’
আরেকজন ব্যঙ্গ করে লেখেন, ‘ছিল রুমাল হয়ে গেল বিড়াল।’ কেউ আবার মন্তব্য করেন, ‘ভালো, তৃণমূল হয়ে গেল বিজেপি।’ এ ছাড়া ‘কোয়েল পাখি এবার বিজেপির ডালে’—এমন মন্তব্যও দেখা গেছে।
এদিকে বিজেপিতে যোগদানের দিনই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েলের নাম সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ছেড়ে দেওয়া আসনেই এবার বিজেপির প্রার্থী হচ্ছেন তিনি।
অভিনেত্রীর রাজনৈতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও অল্প সময়ের মধ্যেই দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়ায় বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতি ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোয়েলকে নিয়ে করা মন্তব্যগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রতিক্রিয়া ও কটাক্ষ; এগুলো বিজেপির আনুষ্ঠানিক বক্তব্য নয়।