
কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি উৎসবে একসঙ্গে তিনটি পুরস্কার অর্জন করেছে।
‘রইদ’-এ ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। এ ছাড়া সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার জিতেছে।
একসঙ্গে তিনটি পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দ ও অনুভূতির কথা জানিয়েছেন ‘রইদ’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও নির্মাতারা।
কানাডার উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে পরিচিত ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বিশেষ করে দক্ষিণ এশিয়ার নির্মাতাদের জন্য আন্তর্জাতিক দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে নিজেদের কাজ তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উৎসবটি পরিচিত।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার অর্জন করে।
এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল ‘রইদ’। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও সিনেমাটির প্রদর্শনী হয়েছে।
এ বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও ‘রইদ’ নির্বাচিত হয়েছে। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটির যাত্রায় যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন।
গ্রামীণ বাংলাদেশের পটভূমিতে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের অনুষঙ্গ ধরে একটি রহস্যময় উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।