
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একই সঙ্গে তাকে ঘিরে তৈরি অনুমতিহীন এআই কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অভিনেত্রীর করা একটি মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার এই নির্দেশ দেন। মামলাটি সামান্থার ব্যক্তিসত্তার অধিকার রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট।
ডিপফেক ও বিকৃত কনটেন্ট নিয়ে আদালতের হস্তক্ষেপ
আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, সামান্থার অনুমতি ছাড়া এআই ব্যবহার করে তৈরি ডিপফেক, বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ব্যক্তিসত্তা এবং প্রচার-সংক্রান্ত অধিকার ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
আদালত আরও উল্লেখ করেন, ভারতের সংবিধানের আওতায় সামান্থার মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা ও মানবিক মর্যাদার অধিকার রয়েছে। পাশাপাশি কপিরাইট আইনের অধীনেও একজন অভিনয়শিল্পী হিসেবে তার নৈতিক অধিকার সুরক্ষিত।
একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
সামান্থা তার নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে অনুমতি ছাড়া এআই-নির্মিত ডিপফেক এবং অন্যান্য বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে আদালতের সুরক্ষা চেয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান এবং ই-কমার্স সংস্থার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
মামলায় অনুমতিহীন কনটেন্ট অপসারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রকাশ বন্ধ এবং ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। মামলায় প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাসহ মোট ১৮ জন বিবাদী রয়েছেন।
সামান্থার আইনজীবীরা আদালতে জানান, অভিনেত্রীর ব্যবসায়িক কার্যক্রম ও সুনাম মুম্বাইকে কেন্দ্র করে হলেও বিদেশে অবস্থানরত কয়েকজন বিবাদীর কার্যক্রমও এই মামলার সঙ্গে সম্পর্কিত।
অনুমতি ছাড়া নাম-ছবি-কণ্ঠ ব্যবহারে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন আদেশে আদালত সামান্থাকে নিয়ে তৈরি অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।