
স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি ও বিভিন্ন মহল থেকে আসা বক্তব্যের সরাসরি জবাব দিতে চান কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির। এ জন্য বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সালমান মুক্তাদির। তিনি বলেন, ঘটনাটিকে শুধু তার ব্যক্তিগত ক্ষতি হিসেবে না দেখে দেশের আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার বিষয় হিসেবে দেখা উচিত।
সালমান মুক্তাদিরের দাবি, তিনি পরিচিত ব্যক্তি ও কনটেন্ট ক্রিয়েটর হওয়ায় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। তবে একই সময়ে দেশের অন্যান্য অপরাধ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিভিন্ন বক্তব্যের আলাদা আলাদা জবাব দেওয়ার পরিবর্তে বিএনপি চাইলে একটি ‘কমন ন্যারেটিভ’ বা সম্মিলিত অবস্থান তুলে ধরতে পারে বলে মন্তব্য করেন সালমান মুক্তাদির। এরপর সেসব বক্তব্যের জবাব দিতে তিনি প্রস্তুত বলেও জানান।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক হতে পারে। সেখানে তাকে যেসব বিষয়ে প্রশ্ন করা হবে, সেগুলোর জবাব দিতে প্রস্তুত তিনি।
সালমান মুক্তাদিরের ভাষ্যমতে, ‘আপনার একত্র হয়ে একটি গোলটেবিলে বসেন। যে চ্যানেল আপনারা চান, সেখান সবাই একসঙ্গে বসি। আমি যা বলেছি, যা নিয়ে প্রশ্ন আছে, সবকিছুর জবাব দিতে প্রস্তুত আমি।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সমালোচনা নিয়েও কথা বলতে চান তিনি। বলেন, ‘কোনো অপরাধ বা ভুল করলে সেটির জবাবদিহি করতে প্রস্তুত আমি।’
পুরো প্রক্রিয়াটি যেন দেশের আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দিকে এগোয়, সেটিই তার প্রত্যাশা বলে জানান সালমান মুক্তাদির।
নিজের ব্যক্তিগত ক্ষতির চেয়ে দেশের মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। এমনকি ক্ষতিগ্রস্ত বা লুট হওয়া জিনিসপত্র উদ্ধার করে দেওয়া হলেও সেটিকে শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখতে চান বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর।