
নতুন প্রবিধানমালার আওতায় দেশের বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসাগুলোর বর্তমান পরিচালনা কমিটিতে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ জন্য বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন করে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে বোর্ড এ আদেশ জারি করেছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিতে হবে। এরপর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।