
রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির ডিসি (মিডিয়া) আকতার হোসেন জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় তাঁকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
এর আগে ওই ঘটনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির অভিযোগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করে।