
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এবার ভিন্ন রূপে দেখা গেল অমিতাভ বচ্চনকে। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানানোর বদলে সঞ্চালকের চেয়ারে বসেই পর্বের সূচনা করেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। পরে জানা যায়, শুটিংয়ের সময় পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান অমিতাভ। এতে তার বাঁ হাঁটুতে আঘাত লাগে। চোটের কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হওয়ায় বসে থেকেই পর্বের মনোলগ শুরু করেন তিনি।
সাধারণত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে দর্শকদের মাতিয়ে তোলেন অমিতাভ। কিন্তু এবার মঞ্চে উঠেই দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন তিনি। তাকে এভাবে বসে থাকতে দেখে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়।
বিষয়টি স্পষ্ট করতে অমিতাভ নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে জানান, আগের দিনের শুটিংয়ে পড়ে গিয়ে তিনি চোট পেয়েছেন। তবে ভক্তদের আশ্বস্ত করে বলেন, আঘাত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং চোট গুরুতর নয়।
প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য যথারীতি দাঁড়িয়েই তাদের বরণ করে নেবেন বলে জানান তিনি। চোটের মধ্যেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার তার এই পেশাদারত্বে সেটে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।