
দেশে পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সমন্বয়ের ফলে প্রতি ইউনিট বিদ্যুতের তিন স্তরেই মূল্য বৃদ্ধি পেয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, উৎপাদন, আমদানি, ক্রয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, সরকারি ভর্তুকির চাপ এবং সামগ্রিক আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে গণশুনানি ও পর্যালোচনার পর বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুতের দাম ১ দশমিক ৩৯ টাকা বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জ দশমিক ০৭৫১ টাকা বাড়িয়ে ০.৩৮৮৬ টাকা করা হয়েছে, যা আগে ছিল ০.৩১৩৫ টাকা।
গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টার বিদ্যুতের দাম ১ দশমিক ৫২ টাকা বাড়িয়ে ১০ দশমিক ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৯ দশমিক ১১ টাকা।
বিইআরসি জানায়, নতুন মূল্য নির্ধারণের পরও বিদ্যুৎ খাতে সরকারের বড় অঙ্কের ভর্তুকি অব্যাহত থাকবে, যা প্রায় ৪১ হাজার কোটি টাকা পর্যন্ত দাঁড়াতে পারে।
দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে শিল্প, বাণিজ্য ও আবাসিক খাতে ব্যয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।