
নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব দাবি জানান। পোস্টে তিনি সাবেক এই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বিস্ময় ও গভীর শোক প্রকাশ করেন।
নাহিদ ইসলাম নিহতের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনাও করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর কে এম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছিল, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরতে হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের দ্রুত শনাক্ত করতে হবে এবং আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়াও করেন এনসিপির আহ্বায়ক।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পকেটে থাকা আইফোনের মাধ্যমে পুলিশ পরিচয় নিশ্চিত করে।