
বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে বিরোধী জোটের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর অভিযোগ, বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার পর এখন ১১-দলীয় জোট বিরোধী দল হিসেবে দায়িত্বশীল আচরণ করছে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে সহযোগিতা করার জন্যও তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজার মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি। এ অবস্থায় বিরোধী পক্ষের এক দফা দাবি তোলা হাস্যকর। দেশের স্বার্থে বিরোধী দলগুলোর গঠনমূলক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির সম্পর্ক তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দেয়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার জন্য কাজ করছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে তাঁদের আস্থার প্রতিফলন ঘটিয়েছেন বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদ্যাপন করা যায়, সে জন্য সরকার ও বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা করছে। অতীতে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক সম্পত্তি হিসেবে বিবেচনা করা হলেও এখন ভোটাররা নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ভোগ করছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি দুর্গাপূজার মণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ করেন।