
জনগণের ভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরশাসন চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের পথসভায় তিনি এ অভিযোগ করেন। গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ভোট দিয়েছে, কিন্তু সরকার সেই রায় মানছে না। জনগণকে অপমান ও প্রতারণা করা হচ্ছে। ধোঁকা দেওয়ার পাশাপাশি সরকার মিথ্যাচারও করছে। এসব অন্যায় মেনে নেওয়া হবে না।
সাত দফা দাবির বিষয়ে জামায়াত আমির বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নই তাঁদের প্রথম ও প্রধান দাবি। জনগণ পাশে থাকলে সব দাবি আদায় করা সম্ভব হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।’ সাত দফা দাবি আদায়ে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা। এসব দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে জোটটি।