
সরকারি চাকরিতে নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তেই বহাল রাখার সিদ্ধান্তের কথা জাতীয় সংসদকে জানিয়েছে সরকার।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।
মন্ত্রী জানান, বিসিএসের মৌখিক পরীক্ষা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত করতে এর নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতেও এই কাঠামো বহাল থাকবে।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপন (এসআরও নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপবিধি (১)-এর সারণি অনুসারে এ পরিবর্তন কার্যকর হয়েছে।
মো. আব্দুল বারী আরও জানান, চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের নতুন পদ্ধতিতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। একই নিয়মে বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসের ভাইভাও সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর সংশোধিত বিশেষ বিধানের আওতায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী আরও জানান, আসন্ন ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার ব্যবস্থা বহাল থাকবে। তার আশা, এ উদ্যোগের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং বৈষম্যহীন হবে।