
ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধনের আবেদন ফরমে মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের পাশাপাশি আরও চার ধরনের তথ্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য নতুন ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
নতুন ফরমে আবেদনকারী কোন অঞ্চলের জন্য নিবন্ধন চান, তিনি নিজে রিকশা চালাবেন কি না, তার পেশা কী এবং মাসিক আয় কত—এসব তথ্য দিতে হবে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম বলেন, চারটি বিষয় যুক্ত করে তৈরি করা ফরম ছাপানোর অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ফরম ছাপানো হবে। এরপর শুরু হবে ফরম বিক্রি। তবে এখনো ডিএনসিসিতে ফরম বিক্রি শুরু হয়নি। মন্ত্রণালয়ের চিঠি পেলেই ছাপানোর কাজ শুরু হবে। এ জন্য দ্রুত কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে ফরম বিক্রির নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি।
ফরমের দাম নির্ধারণের বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে বলে জানান তিনি। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের মূল্য কত হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অবশ্য ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, সংস্থাটির ১০টি অঞ্চলে প্রতিটি থেকে ১০ হাজার করে মোট এক লাখ আবেদন ফরম বিক্রি করা হবে। অঞ্চলগুলোকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি জোনের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি ট্রাফিক জোনের জন্য আলাদা রঙের ফরম ছাপানো হবে। সেখানে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের নামও থাকবে।
রাজস্ব বিভাগের সূত্র জানিয়েছে, মোট কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জরিপ চালাচ্ছে। তাদের সঙ্গে আলোচনা এবং সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। এ কারণে প্রাথমিকভাবে যে সংখ্যক ফরম বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতেও পরিবর্তন আসতে পারে।
এদিকে, ব্যাটারিচালিত রিকশার জন্য একটি নির্দিষ্ট নকশা তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি দল।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা প্রথমে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা না কিনে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ, অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কেনার পর সেটির প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে গাড়িটির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।
ই-রিকশা নিবন্ধনের অন্যতম শর্ত হলো, গাড়িটি বুয়েটের নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড মেনে তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এরপর বুয়েটের কাছ থেকে কারিগরি অনুমোদন সংগ্রহ করতে হবে।
ডিএনসিসির রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠান সারা দেশে নির্ধারিত নকশা অনুযায়ী অটোরিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। বাকি দুটি অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি।
উৎপাদন শুরু করা পাঁচটি প্রতিষ্ঠান হলো নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।
বুয়েটের অনুমোদিত নকশা অনুসরণ করে অটোরিকশা তৈরি করতে আগ্রহী নতুন প্রতিষ্ঠানও উৎপাদনের অনুমতি নিতে পারবে। এ ক্ষেত্রে প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় অনুমতি দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।
ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এই বিধিমালা কার্যকর হবে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। নিবন্ধিত প্রতিটি অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত পৃথক নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে কোনো একটি সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক কাজে চালানো যাবে না।
এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত অন্যান্য সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চালানো যাবে না। কোন কোন সড়কে ই-রিকশা চলবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে ঠিক করবে।
এর আগে গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং হবে আলাদা। এক জোনে নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
তিনি আরও জানিয়েছিলেন, আপাতত চালকদের জন্য আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।