
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তার স্বার্থে সম্প্রতি নিজের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলে দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাহসী সেনাসদস্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমন পরিস্থিতিতে তিনি কেন ভয় পাবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
বেসেন্ট আরও বলেন, ইরান এখন কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো আচরণ করছে। এ কারণে তিনি সিক্রেট সার্ভিসের নিরাপত্তা নির্দেশনা মেনে চলছেন এবং নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছেন।
মার্কিন অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল তার জর্জটাউনের বাসভবনের আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। ওই ঘটনার পর তাকে বাসা পরিবর্তন করতে হয়েছে। তার মতে, এ ধরনের ছবি প্রকাশ করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। সংবাদমাধ্যমের এমন ছবি প্রকাশ বন্ধ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি সামরিক ও নৌপথে অবরোধমূলক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। জাহাজ চলাচলে হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দিতে তেহরানের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে গত আগস্ট থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান চালাচ্ছে ওয়াশিংটন। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।