
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগকে গুরুত্ব দিয়ে এগোবে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে সরকার কাজ করবে। এ আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথও সুগম করবে।
তবে পানিবণ্টনের বিষয়টি একতরফাভাবে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।
সেমিনারে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে না। তার দাবি, এ কারণেই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।