
স্মার্টফোন বা কম্পিউটারে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি খুলে দেখা গেল, নামের বানানে একটি অক্ষরের ভুল কিংবা জন্মতারিখ বা ঠিকানায় সামান্য অসংগতি। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজে এসব ছোটখাটো ভুলই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি কিংবা জমিজমার লেনদেন—প্রায় সব ক্ষেত্রেই সঠিক তথ্য থাকা জরুরি।
তবে এনআইডি বা ভোটার আইডি কার্ডে নিজের নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। কোন ধরনের তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ভর করে সংশোধনের বিষয়ের ওপর। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখা হলে আবেদন প্রক্রিয়া সহজ হয়।
১. নিজের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
নিজের নামের বানান বা নামের কোনো অংশ সংশোধন করতে সাধারণত নিচের নথিগুলো প্রয়োজন হতে পারে—
- এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যেটি প্রযোজ্য)
- অনলাইন জন্মনিবন্ধন সনদ
- পাসপোর্ট (থাকলে)
- ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
- সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে)
- কাবিননামা বা বিবাহ সনদ
- স্বামী বা স্ত্রীর এনআইডি
অন্যদিকে, পুরো নাম পরিবর্তন করতে চাইলে এসব কাগজপত্রের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিনে তদন্ত করতে পারে।
২. বাবা-মায়ের নাম সংশোধনে যেসব নথি লাগবে
বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা পুরো নাম পরিবর্তন করতে চাইলে নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে পারেন—
- শিক্ষাগত সনদ
- অনলাইন জন্মনিবন্ধন
- বাবা-মায়ের এনআইডি
- ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ
- পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
তবে সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।
৩. জন্মতারিখ সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
এনআইডিতে উল্লেখ করা জন্মতারিখ পরিবর্তন করতে সাধারণত নিচের নথিগুলোর প্রয়োজন হতে পারে—
- এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ
- অনলাইন জন্মনিবন্ধন
- ভাই-বোনদের এনআইডি
- ওয়ারিশ সনদ
- কাবিননামা
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- সিভিল সার্জনের বয়স নির্ধারণ প্রতিবেদন
- সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র
- অবসরপ্রাপ্তদের পেনশন বই
- মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ
৪. স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে প্রয়োজনীয় নথি
এনআইডিতে নিজের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চাইলে নিচের কাগজপত্রগুলো লাগতে পারে—
- অনলাইন জন্মনিবন্ধন
- বিদ্যুৎ বিল
- চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ
- ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র
একটি পরামর্শ: প্রয়োজন অনুযায়ী নির্বাচন কমিশন আবেদনকারীর কাছে অতিরিক্ত নথি চাইতে পারে। তাই এনআইডির কোনো তথ্য সংশোধনের আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের পক্ষে যত বেশি সম্ভব সরকারি নথি প্রস্তুত রাখা ভালো। এতে সংশোধনের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে।