
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রধান ফটকের সামনে সাদা বৃত্তের মধ্যে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি দেখা গেছে। বৃত্তের মাঝখানে রাখা ছিল কাফনের কাপড়ে মোড়ানো খড়ের পুতুল। পুতুলটির বুকে গাঁথা ছিল বেলকাঁটা। পাশে পড়ে ছিল গোলাপজলের বোতল ও আগরবাতি।
পুতুলটির শরীর ও আশপাশে লাল রং ছড়িয়ে থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর সকাল থেকেই আশপাশের গ্রামের উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।
স্থানীয় করম উদ্দিনের ছেলে আলী হোসেন জানান, চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা বাড়িটিতে তিনি ও তাঁর স্ত্রী থাকেন। রোববার ফজরের নামাজ শেষে বাড়ির প্রধান ফটক খুলে বাইরে বের হতেই আটা বা ময়দা দিয়ে আঁকা বড় একটি বৃত্ত দেখতে পান তিনি। বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের ওপর রাখা ছিল খড় দিয়ে তৈরি একটি পুতুল। পুতুলটির পরনে ছিল সাদা কাফনের কাপড়।
পুতুলটির বুকে ১৫ থেকে ২০টি বেলকাঁটা গাঁথা ছিল। এ ছাড়া এর বাম হাত ও বাম পা বাঁধা অবস্থায় ছিল। পুতুলটির বুক এবং আশপাশে সিঁদুরের মতো লাল রং ছড়িয়ে রাখা হয়েছিল। পাশে গোলাপজলের বোতল, আগরবাতির প্যাকেট ও ছাইও পড়ে থাকতে দেখা যায়।
আতঙ্কিত কণ্ঠে আলী হোসেন বলেন, ‘কারা বা কেন আমার বাড়ির সামনে এমন কাজ করল, তা বুঝতে পারছি না। আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।’ গ্রামবাসী ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে কেউ একে কুফরি বা জাদুটোনা বলছেন, আবার কেউ ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে মনে করছেন।
প্রতিবেশী মহসিন মোল্লা জানান, সকালে আলী হোসেন তাঁকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখান। ওই গ্রাম কিংবা আশপাশের এলাকায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে আলী হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, এ ধরনের উপকরণ সাধারণত মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে জাদুটোনার কাজে ব্যবহারের চেষ্টা করা হয়। ইসলামে জাদুটোনা কঠোরভাবে নিষিদ্ধ এবং শিরকতুল্য অপরাধ। তবে কেউ জাদু করার চেষ্টা করলেও আল্লাহর হুকুম ছাড়া কারও ক্ষতি করার ক্ষমতা তার নেই। তাই এ নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।