
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি, অতীতের সহিংসতা, গুম-খুন এবং দেশের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ নামের দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ‘এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টরা বহু বছর ধরে দেশ জ্বালাও-পোড়াও করেছে। লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা। আজকে ২০২৬-এ সেটা প্রমাণিত যে, আওয়ামী লীগ নামের একটি রাজনৈতিক দল ছিল, দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বাংলাদেশের এটি দুর্ভাগ্য।’
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ‘আগে নিষ্পেষিত মানুষের একটি স্লোগান ছিল—‘‘হাসিনারে হাসিনা, তোর কথায় নাচি না।’’ বাংলাদেশের মানুষ আর আপনাদের কথায় নাচবে না। বাংলাদেশের জনগণ আজকে গণতন্ত্রের পথে হাঁটছে, উন্নয়ন ও শান্তির পথে হাঁটছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহু মানুষকে হত্যা ও গুম করে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি তাঁদের ভালো লাগছে না। নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।
পাঁচ জেলার নেতা-কর্মী, সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে ও ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্বও তাঁদের বলে উল্লেখ করেন তিনি।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।