
সংবিধান সংস্কার ইস্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। শপথ নেওয়ার কিছু সময়ের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এনসিপির নির্বাচিত ছয় নেতা। শপথ শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন এনসিপির সদস্য সচিব এবং রংপুর ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।
এনসিপির আগে জামায়াতের সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। তবে বিএনপির সংসদ সদস্যরা মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা এদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।