
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক প্রবাসফেরত ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৩০ হাজার টাকা চুরির মামলায় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, এ ঘটনায় অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছিলেন, তা জানার জন্য রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ইমামকে মিম্বর থেকে টেনে নামিয়ে মারধরের অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। সেদিন ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন। এরপর তাকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
এজাহারে আরও বলা হয়েছে, মুসল্লিরা বাধা দিতে এগিয়ে এলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এ সময় অন্য আসামিরাও বাদীসহ মুসল্লিদের মারধর করেন। একপর্যায়ে বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ওই হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। এ ছাড়া মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলার পরিকল্পনা ও অর্থের লেনদেনের তথ্য জানতে চায় সিআইডি
রিমান্ড আবেদনে সিআইডি জানিয়েছে, ঘটনার সঙ্গে রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। হামলার পেছনে কারও প্ররোচনা ছিল কি না এবং এ ঘটনায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, সে বিষয়েও তথ্য জানতে চায় সংস্থাটি।
এ ছাড়া হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত করা, ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে জানার পাশাপাশি আহত ব্যক্তিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা-ও তদন্ত করতে চায় সিআইডি।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় এ মামলাটি করা হয়।