
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্য স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন তৈরি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে শিহাবের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিহাব জাগীর ইউনিয়নের মো. সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করত।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই রাত ধরে শিহাব এক বন্ধুর বাড়িতে থাকছিল। শনিবার রাতে খাবার খাওয়ার পরও সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধরে নেন, আগের রাতগুলোর মতো এবারও হয়তো সে বন্ধুর বাড়িতে অবস্থান করছে।
তবে শিহাবের পরিবার এটিকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে রাজি নয়। তাদের অভিযোগ, শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।