
ইরানের সঙ্গে শান্তি আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজেই এই সফরসূচি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। ফক্স নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সফরসূচি অনুযায়ী, মার্কিন প্রতিনিধিদলের শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। সেখানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান ত্যাগ করেন। ইসলামাবাদে অবস্থানকালে তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে তেহরানের অবস্থান ও শর্তগুলো তুলে ধরেন।
পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, আলোচনায় কিছু ক্ষেত্রে ইরানের নমনীয়তা দেখা গেছে এবং তারা এখনো কূটনৈতিক সমাধানের বিষয়ে আশাবাদী।
তারা আরও মনে করছে, পাকিস্তানের মধ্যস্থতায় যদি যুক্তরাষ্ট্র ইরানের বার্তা ভালোভাবে বোঝে, তাহলে ভবিষ্যতে আলোচনার নতুন ধাপ শুরু হতে পারে।