-6ae49f029c630.webp)
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে কীভাবে কিংবা কত দিনের মধ্যে যুদ্ধের অবসান ঘটতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তুলে ধরেননি তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব দ্রুতই শেষ করে আনা হবে। তবে এ ক্ষেত্রে একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন। সেটি হলো, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
এদিকে, ইরানকে ঘিরে ওয়াশিংটনের নীতিনির্ধারণী অবস্থানে পরস্পরবিরোধী তৎপরতার আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সময়ে সামরিক অভিযান জোরদার এবং কূটনৈতিক সমঝোতার দুটি ভিন্ন পথ নিয়ে ভাবছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে নতুন করে কয়েকটি বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি প্রস্তাবিত শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজছেন।
অর্থাৎ, একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতির সম্ভাবনা, অন্যদিকে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের চেষ্টা—দুই ধরনের উদ্যোগই বর্তমানে ওয়াশিংটনের বিবেচনায় রয়েছে।
সূত্র: আল-জাজিরা