
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার আবহে লোহিত সাগরে মোতায়েন করা বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই মার্কিন নাবিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, রণতরিটির লন্ড্রি সেকশন বা কাপড় ইস্ত্রি করার অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এবং এটি কোনো শত্রুপক্ষের হামলার ফল নয় বলে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। আগুন লাগার পরপরই জাহাজের নিজস্ব অগ্নিনির্বাপক দল দ্রুত সক্রিয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিশাল এই রণতরিটির কাঠামো বা যান্ত্রিক ব্যবস্থায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিশেষ করে জাহাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ‘প্রোপালশন প্ল্যান্ট’ বা ইঞ্জিন রুম সম্পূর্ণ অক্ষত রয়েছে।
সেন্টকমের দাবি, এই ঘটনার ফলে রণতরিটির চলাচল বা যুদ্ধকালীন অপারেশনাল সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। এটি এখনো লোহিত সাগরে নির্ধারিত দায়িত্ব পালন করছে এবং মোতায়েন অবস্থাতেই রয়েছে।
আহত দুই নাবিককে জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নত চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার কৌশলের অংশ হিসেবে পেন্টাগন সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চল থেকে অত্যাধুনিক ও বিশাল এই বিমানবাহী রণতরিটিকে মধ্যপ্রাচ্যের এলাকায় মোতায়েন করে।