
মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পর এবার ইরানের কাছ থেকেও ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান এখন ক্ষতিপূরণ দাবি করছে। অথচ এর আগে কোনো আলোচনা বা বৈঠকে দেশটি এমন দাবি তোলেেনি।
ট্রাম্প বলেন, ইরানের রাস্তার পাশের বোমা হামলা ও বিভিন্ন সংঘাতে যারা নিহত বা গুরুতর আহত হয়েছেন, তাদের জন্য তিনি ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে প্রাণ হারানো আরও হাজার হাজার মানুষের পরিবারও রয়েছে।
ট্রাম্প আরও বলেন, গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারকেও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত।
ভবিষ্যতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের এই দাবি অন্তর্ভুক্ত করতে তিনি তাঁর প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বলেও জানান ট্রাম্প।