
নাটোরের লালপুরে একটি গোপন অভিযানে যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিদোহা এলাকায় পরিচালিত এই অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার পালিদোহা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনামনিসহ মোট চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার অন্যদের মধ্যে কাজল ও সুইট রয়েছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, আটক সোনামনি ও তার সহযোগীরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।