
রাজধানীর এক ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে কাউকে বদনাম করা বড় ধরনের পাপ, তাই এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৬ মার্চ) রমনা থানা বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে আয়োজিত প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাদের প্রতি ইঙ্গিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেন। এ সময় মহানগর ও স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, “মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ভোটে কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেত না। তিনি দাবি করেন, “আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোনো আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে, তা বলতে পারবেন না। আর আমি মির্জা আব্বাস নাম ধরে বলে দেব কারা কারা আমাকে ভোট দিয়েছে। আপনি কসম খেয়ে বলেন- এতগুলো ভোট আমি সিল মেরে নিয়েছেন! নাকি আকাশ থেকে এসেছে!”
তিনি আরও বলেন, “আমরা রাতে কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে।”
নিজের এলাকায় পরাজয়ের ইতিহাস নেই বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি, সেটি সবাই জানে। আমি কোন জায়গায় কত ভোট পেলাম, সেটি আপনাদের দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই। আমার কথা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? সেটি আজ জাতির সামনে প্রশ্ন। আমি প্রমাণ করতে পারবো আপনারা কারচুপি করেছেন।”