
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসার সমন্বয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা। তার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সচিব ও মেঘমল্লারের চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে থাকা সজীব তানভীর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মেঘমল্লারের শ্বাসকষ্ট কমে এসেছে। কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমিয়ে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চলছে। তার কনশাসনেস লেভেলও বাড়ছে। রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।
মেঘমল্লারের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানসহ সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে চারজন অধ্যাপক ও তিনজন সহযোগী অধ্যাপক রয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।
বোর্ডের চার অধ্যাপক হলেন—মেডিসিন বিভাগের প্রধান মো. শফিকুল বারী, একই বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মনোয়ার আলী ও হাফিজুর রহমান এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
গত সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।