
নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে থাকা মানুষের জন্য এলপিজির দাম আবারও বাড়ানো নতুন দুর্ভোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এলপিজির দাম বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও প্রতিবাদ জানান জামায়াতের এই নেতা।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়িয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। দীর্ঘদিন ধরেই বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, রাজধানীতেই ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বাজার তদারকি কিংবা অসাধু ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি করা গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের অব্যবস্থাপনা এবং বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো উচিত নয়। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।