
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৩ নভেম্বর থেকে ১০০ টাকা ফিতে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করবে সংস্থাটি। নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর ধাপে ধাপে যোগ্য ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে।
তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনো ব্যাটারিচালিত ই-রিকশা বিধিমালার অনুলিপি পায়নি। অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
সোমবার নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, নিবন্ধনের আবেদন করতে হলে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি এবং নির্ধারিত ফি জমার মূল রশিদ জমা দিতে হবে।
এ ছাড়া ই-রিকশাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড মেনে তৈরি হয়েছে কি না, তা প্রমাণে বুয়েটের ছাড়পত্র দিতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
আব্দুস সালাম বলেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই নতুন বিধিমালা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম নেওয়া হয়েছে। তবে আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন মিলবে না। নির্ধারিত শর্ত পূরণ, বুয়েটের কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর কেবল যোগ্য যানবাহনকে নিবন্ধন সনদ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় আনা এবং সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।