.webp)
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
থানা সূত্র জানায়, রোববার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড। তবে বর্তমানে তিনি উত্তরার ওই এলাকায় বসবাস করছিলেন।
সোমবার (২ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, রোববার রাতে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। মিরপুরে শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায় স্বীকার করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ফেসবুকে ওই অগ্নিসংযোগের দায় স্বীকার করে পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। পরে তার পরিচয় শনাক্ত করে তাকে আটক করে পুলিশ।