
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ স্থাপনা শনাক্ত এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিষয়টি জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
সভায় রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির ওপর জোর দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।
এ ছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জামের পর্যাপ্ত মজুত, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।