
সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের বিষয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।
এর আগে গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলামের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
ওই আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে ইআবির অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বাতিল করা হয়েছে।
একই আদেশে গভর্নিং বডির পরিবর্তে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়াও উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩’-এর (খ) ধারার (১) খ (১) ও (৩) অনুযায়ী সভাপতি মনোনয়নের কথা বলা হয়। জেলা সদরে অবস্থিত মাদ্রাসার সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়নের সিদ্ধান্ত জানানো হয়।
এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ের মাদ্রাসার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ের মাদ্রাসার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়।
অফিস আদেশে মাদ্রাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের আদেশে গভর্নিং বডি বাতিলের ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত হলো।