
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যেসব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেননি, তাঁদের তালিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) নিলুফা রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ—সিইনএড, ডিপিএড বা বিটিপিটি—গ্রহণ করেননি, তাঁদের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করতে হবে। পরে ৩ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে।
তথ্য সংগ্রহের জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পৃথক ছক সংযুক্ত করা হয়েছে। এতে শিক্ষকের নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও উপজেলা, চাকরিতে যোগদানের তারিখ, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ, প্রশিক্ষণ নিয়েছেন কি না এবং প্রশিক্ষণ না নেওয়ার কারণ উল্লেখ করতে হবে।