
কোচ পরিবর্তনের পর প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ সূচনা করল ইন্টার মায়ামি, আর সেই জয়ের নায়ক লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে ৩-২ ব্যবধানে জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্প্রতি কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন গুইলারমো হয়োস, যার অভিষেক ম্যাচেই জয় পেয়েছে মায়ামি।
শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে র্যাপিডস। ৫৮তম মিনিটে রাফায়েল নাভারো একটি গোল শোধ করেন। এরপর বদলি নামার কয়েক মিনিটের মধ্যেই ড্যারেন ইয়াপি ৬২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে সমতা ফেরান (২-২)।
তবে ম্যাচের শেষ কথা বলেন মেসিই। ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ডানদিক দিয়ে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত শটে জালের দেখা পান তিনি, যা শেষ পর্যন্ত মায়ামির জয়ের ব্যবধান গড়ে দেয়।
এই জয়ের ফলে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেসি-সুয়ারেজদের দল।