
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না করায় অনেক পুরোনো মালিককে কর ও অন্যান্য আর্থিক দায় বহন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মোটরযানের মালিকানা নির্ধারিত নিয়মে পরিবর্তনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (২৪ জুন) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে যানবাহন বিক্রির পর ক্রেতারা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই গাড়ি ব্যবহার করছেন। ফলে সংশ্লিষ্ট যানবাহনের কর, সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায় এখনো আগের মালিকের নামেই বহাল থাকছে।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ বিধান অনুসরণ না করার কারণে অনেক বিক্রেতাকে অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় বহন করতে হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করা হবে এবং একই দিনেই মালিকানা হস্তান্তরের কার্যক্রম শেষ করা সম্ভব হবে। পাশাপাশি নতুন মালিক ডিজিটাল নিবন্ধন সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্যও জমা দিতে পারবেন।
বিআরটিএ আরও সতর্ক করেছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের আইনি জটিলতা দেখা দিতে পারে। আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।