
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গিপাড়া গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া এলাকার বাসিন্দা হায়দার মোল্লার ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ধারণা, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”