
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে টুইন ফলসের জনসমাগমপূর্ণ একটি বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রয়টার্সকে শহরের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার জানান, ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর কাছাকাছি এলাকায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। প্রায় এক ঘণ্টা পর কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, হামলাকারী আর কোনো হুমকি সৃষ্টি করছে না।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, হামলাকারীও নিহত হয়েছে এবং বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তিনি তাৎক্ষণিকভাবে মোট নিহতের সংখ্যা নিশ্চিত করতে না পারলেও শহরের মুখপাত্র জশ পামার রয়টার্সকে জানান, এ ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে বন্দুকধারীও রয়েছে। এছাড়া অন্তত দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় শনাক্ত এবং হামলার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পর টুইন ফলস পুলিশ বিভাগ তাদের ফেসবুক পেজে জানায়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলসংলগ্ন কয়েকটি সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহো অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলীয় ম্যাজিক ভ্যালি এলাকায় অবস্থিত।