
রংপুরের তারাগঞ্জে দুইজনকে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মজিদুল ইসলাম (২৪) ফকিরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং তারাগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা।
র্যাব সূত্র জানিয়েছে, তারাগঞ্জ থানায় চলমান জোড়া হত্যা মামলার পলাতক আসামিদের খুঁজে বের করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রাপ্ত নির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল মজিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়।
রংপুর র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “চাঞ্চল্যকর এই জোড়া হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। এরই অংশ হিসেবে অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের সহিংস অপরাধ প্রতিরোধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মামলার এজাহার অনুযায়ী, নিহত রুপলাল রবিদাস (৪০) ছিলেন মামলার বাদীর স্বামী এবং নিহত প্রদীপ লাল (৪৫) রুপলালের ভাতিজির জামাই। ২০২৫ সালের ৯ আগস্ট রাতের সময়ে তারা ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছরান বালুয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন।
প্রায় রাত সাড়ে ৮টার দিকে তারা ৫ নম্বর সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে স্থানীয়রা তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময়ে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভিতর থেকে দুর্গন্ধযুক্ত একটি পানীয় পাওয়া গেলে উপস্থিতদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। উত্তেজিত জনতা ভিকটিমদের চোর বা অপরাধী সন্দেহ করে।
পরবর্তীতে রাত ৯টার দিকে জনতা তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে লাঠি ও লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করে। এতে দুইজনই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুপলাল রবিদাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি পরদিন ১০ আগস্ট মারা যান।
ঘটনার পর রুপলাল রবিদাসের স্ত্রী বাদী হয়ে ২০২৫ সালের ১০ আগস্ট তারাগঞ্জ থানায় অজ্ঞাতসহ কয়েকজনকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ড পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।