
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে ও দেশের বাইরে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে রাষ্ট্রপতি দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা, সংস্কার এবং উন্নয়নেও সরকার সহযোগিতা করছে। পাশাপাশি পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি ধর্মীয় কল্যাণে অনুদান প্রদান ও ব্যবস্থাপনায় সমন্বিত এবং কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, দুর্গাপূজা বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, সাদা কাশফুল এবং উৎসবের আনন্দঘন পরিবেশে প্রতিবছর দেবী দুর্গার আগমন ভক্তদের মনে নতুন আশা ও কল্যাণের প্রত্যাশা জাগায়। এই উৎসবের মূল শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিষ্ঠা। একই সঙ্গে অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায়বিচার ও মানবতার চিরন্তন বার্তা তুলে ধরে দুর্গোৎসব।
তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দীর্ঘকাল ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এই আয়োজন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সঙ্গে বাংলার চিরায়ত সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যও গভীরভাবে জড়িয়ে রয়েছে।
রাষ্ট্রপতির ভাষ্য, এ উৎসব সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সত্য ও সুন্দরের আলোয় উদ্ভাসিত হবে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।
রাষ্ট্রপতি বলেন, হিন্দু সম্প্রদায়সহ দেশের সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে, নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে আনন্দের সঙ্গে পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ধর্ম মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ধর্ম মানুষকে অন্যায় ও অসত্য থেকে দূরে রেখে মুক্তির পথ দেখায়। তাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ধর্ম, বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো ব্যক্তি যেন বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রসহ সবার দায়িত্ব। দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বাণীতে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। সব ধরনের বিভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা সবার ঘরে পৌঁছে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।