
বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে নতুন এক ইতিহাস লিখে ফেললেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচের ১৬তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে পর্তুগিজ মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার অনবদ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে এই ম্যাচের শুরুর একাদশে মাঠে নামার সঙ্গ সঙ্গেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য নজির স্থাপন করেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।
এরপর ম্যাচের ১৬তম মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে গোল উৎসবের মধ্য দিয়ে আরও একটি ঐতিহাসিক মাইলফলক নিজের করে নেন তিনি। ক্যারিয়ারে ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং চলমান ২০২৬—এই পাঁচটি বৈশ্বিক আসরে গোল করার গৌরব অর্জন করলেন মেসি। এর মাঝে কেবল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গোলখরায় ভুগতে হয়েছিল তাকে।
বিশ্বকাপের ইতিহাসে পাঁচটি ভিন্ন আসরে গোল করার একক রেকর্ডটি এতদিন কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল। এবার পর্তুগিজ তারকার সেই রাজত্বে ভাগ বসালেন আলবিসেলেস্তেদের এই প্রাণভোমরা।
এখানেই শেষ নয়, আলজেরিয়ার বিরুদ্ধে এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এই অনন্য ‘ডাবল সেঞ্চুরি’র মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া তৃতীয় ফুটবলার হওয়ার গৌরব অর্জন করলেন লিওনেল মেসি।