
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও এই সংকটকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ এ সংকট সৃষ্টি করেনি, তাই একা এর সমাধান করাও সম্ভব নয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘প্রোট্র্যাক্টেড রোহিঙ্গা ক্রাইসিস: দ্য সার্চ ফর এ কমপ্রিহেনসিভ অ্যাপ্রোচ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, কেবল মানবিক সহায়তা দিয়ে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব নয়। এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান মিয়ানমারকেই খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে গঠিত জাতীয় রোহিঙ্গা কৌশল প্রণয়ন কমিটি সরকারের কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তা-সংক্রান্ত কর্মকাণ্ডকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে এসেছে।
বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক বহুপক্ষীয় আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে তুলে ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। একই সঙ্গে চীনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় অংশীদারের সহযোগিতায় মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং দ্রুত পরিবর্তনশীল। সেখানে বিভিন্ন ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের প্রয়োজন রয়েছে। তবে এসব গোষ্ঠীর অবস্থান ও ভূমিকা এক নয় বলেও তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গাদের বাংলাদেশে স্থানীয়ভাবে পুনর্বাসন বা সমাজে একীভূত করে নেওয়া কোনো গ্রহণযোগ্য সমাধান নয় বলেও স্পষ্ট করেন পররাষ্ট্র সচিব।
দিনব্যাপী এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের সামাজিক, অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ভাগাভাগি, নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ন্যায়বিচার এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়েও মতবিনিময় করছেন অংশগ্রহণকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি ও ইউএনএইচসিআর।
সম্মেলনে আলোচনার ভিত্তিতে সরকারের নীতিনির্ধারণে সহায়ক একটি ‘পলিসি ব্রিফ’ তৈরি করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।