
লংমার্চ ও রোডমার্চের নামে সমাজে অশান্তি তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই উন্নয়নমূলক অনেক কাজ করেছে। অথচ সরকারকে সহযোগিতা না করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ টানা ১৭ বছর অনেক দুর্ভোগের মধ্যে ছিলেন। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছিল। এখন আবার রোডমার্চ ও লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি তৈরি করা হচ্ছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ-রোডমার্চ পছন্দ করে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে—এটাই কি তাদের কাজ হতে পারে? তাদের দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি এবং ধর্মীয় কর্মকাণ্ডেও যুক্ত করতে হবে।
দেশে মাদকের বিস্তার ঠেকাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ মাদক বা অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, সে যত প্রভাবশালীই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য সবার সহযোগিতায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।
সূত্র: বাসস