
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। আর রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।