
দুর্গাপূজা উপলক্ষে বাড়তি সময়ে দোকানপাট খোলা রাখার অনুমতি শেষ হওয়ায় আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে মার্কেট ও শপিং মল। এখন থেকে সকাল ১১টায় খোলা এসব প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এতে আগের তুলনায় দুই ঘণ্টা কম সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা ও বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের নিয়ম কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল। ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
চলতি বছর জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়।
সেই অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম চালু হয়। দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে আবারও সেই সময়সূচি কার্যকর হলো।