
একসময় বলিউডের বহুল আলোচিত জুটি ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর। সম্পর্কের ইতি টেনে দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন, গড়েছেন আলাদা সংসার। তবে সম্প্রতি মুম্বাইয়ে আইফা ২০২৭-এর এক সংবাদ সম্মেলনে সাবেক এই জুটির উষ্ণ আলিঙ্গন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো স্মৃতিতে ডুব দিয়েছেন ভক্তরা।
২০০৭ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলী পরিচালিত রোমান্টিক সিনেমা ‘যব উই মেট’-এর গীত ও আদিত্য চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। পর্দার সেই জনপ্রিয় জুটিকে বাস্তবে আবার একসঙ্গে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। কেউ কেউ শাহিদ-কারিনাকে আবারও বড়পর্দায় জুটি হিসেবে দেখার প্রত্যাশাও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে কারিনাকে দেখা যায় কালো লেদার টপ ও স্কার্টে। অন্যদিকে, শাহিদ পরেছিলেন সাদা স্যুট। তাঁদের আলিঙ্গনের দৃশ্যটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ভক্তদের নানা আবেগঘন মন্তব্য সামনে আসে।
একজন লিখেছেন, ‘দৃশ্যটি দেখে আমার কেন জানি চোখে পানি চলে আসছে!’ আরেকজনের মন্তব্য, ‘আমরা কেন এত খুশি?’ কেউ লিখেছেন, ‘আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি।’ আবার কেউ শুধু লিখেছেন, ‘গীত এবং আদিত্য।’
অনেক ভক্ত এই জুটিকে বড়পর্দায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। কেউ মুহূর্তটিকে নিজেদের ‘রোমান সাম্রাজ্য’ বলে অভিহিত করেছেন, আবার কেউ ‘যব উই মেট’-এর সিক্যুয়েল তৈরির আহ্বান জানিয়েছেন।
কেউ কেউ এই পুনর্মিলনকে অক্টোবরের ‘ম্যাজিক থিওরি’র সঙ্গেও মিলিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রচলিত এই ধারণা অনুযায়ী, অক্টোবর মাসে জীবনে নতুন কারও আগমন কিংবা পুরোনো কারও সঙ্গে পুনর্মিলন ঘটতে পারে।
শাহিদ ও কারিনার এমন সৌহার্দপূর্ণ সাক্ষাৎ অবশ্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের মার্চে জয়পুরে অনুষ্ঠিত আইফার সংবাদ সম্মেলনেও একে অপরকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানিয়েছিলেন তাঁরা। সে সময় ভক্তদের উচ্ছ্বাস নিয়ে শাহিদ বলেছিলেন, তাঁদের কাছে বিষয়টি নতুন কিছু নয়। বিভিন্ন জায়গায় তাঁদের দেখা হয় এবং এটি তাঁদের কাছে স্বাভাবিক ঘটনা। তবে তাঁদের দেখে মানুষ আনন্দ পেলে তা ভালো লাগার বিষয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।
‘যব উই মেট’-এর শুটিং চলাকালীন, ২০০৭ সালের দিকে শাহিদ ও কারিনার দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটে। পরে দুজনই নতুন জীবন শুরু করেন। ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহ। অন্যদিকে, ২০১৫ সালের ৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাঁদের দুই সন্তান—মেয়ে মিশা ও ছেলে জেইন।
এদিকে, শাহিদের স্ত্রী মীরা রাজপুত ও কারিনাকেও সম্প্রতি একসঙ্গে দেখা গেছে। কারিনার টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে অংশ নেন মীরা। শুটিং শেষে শোয়ের কিছু ছবি শেয়ার করে কারিনাকে ধন্যবাদ জানান তিনি। জবাবে কারিনাও ইনস্টাগ্রাম স্টোরিতে মীরার প্রশংসা করে তাঁকে ‘অত্যন্ত উষ্ণ ও দুর্দান্ত মানুষ’ বলে অভিহিত করেন।