
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা এখন সময়ের অপেক্ষা। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনাকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে বলে মনে করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁর মতে, মেসি বিদায় নিলে জাতীয় দলে তৈরি হবে ‘বিশাল শূন্যতা’।
শনিবার রাতে বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির সম্ভাব্য বিদায় নিয়ে কথা বলেন মার্তিনেজ। তিনি জানান, মেসিকে ছাড়া দলকে নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের মধ্যে মেসির রেখে যাওয়া জায়গা পূরণের মতো চরিত্র ও সামর্থ্য রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
মেসির সঙ্গে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা স্মরণ করে মার্তিনেজ বলেন, ২০২২ বিশ্বকাপ জয়ে মেসিকে সহায়তা করতে পারা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে কাটানো সময়ও উপভোগ করতে চান তিনি।
মার্তিনেজ বলেন, ‘আমি যতটা সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করেছি। সে সেটা জানে। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’
২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার পথে মেসির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্তিনেজ। ফলে মেসির বিদায়ের পর দলের নেতৃত্ব ও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টিও আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।